ক্রিকেটের বড় ভক্ত ছিলেন লতা মঙ্গেশকর। শচিন টেন্ডুলকারের ব্যাটিংয়েও ছিলেন গুণমুগ্ধ। শচিনের ক্রিকেটের বরাবর ভূয়সী প্রশংসা করে এসেছেন লতা।
দুজনের সম্পর্কটা ছিল দিদি-ভাইয়ের। শচিন লতাকে ডাকতেন দিদি বলে। সেই দিদির প্রয়াণে ভেঙে পড়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। টুইটারে তিনি আবেগঘন পোস্টও করেছেন।
এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শচিন ও লতার পুরোনো একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যায় লতাকে ‘মা’ ডেকে গানের অনুরোধ করছেন শচিন।
সালটা ২০১২। শচিন তার ক্যারিয়ারের শততম সেঞ্চুরি করার পর একটি বিশেষ অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লতাও।
সেদিন শচিন তার দিদিকে ‘আই’ (মারাঠি ভাষায় যার অর্থ- মা) সম্বোধন করে একটা গানের অনুরোধ করেছিলেন। সেই ভিডিওটিই লতার প্রয়াণের পর ভাইরাল হয়েছে।
শচিন সেদিন মাইক্রোফোন হাতে নিয়ে লতাকে বলেছিলেন, ‘আমি আপনাকে মায়ের আসনে বসিয়েছি। আমি আপনার ছেলের মতো। তাই আমি অনুরোধ করব যদি আপনি তু জাহা জাহা চলেগা গানটি যদি গেয়ে আমাকে শোনান।’
উত্তরে লতা বলেন, ‘আমিও শুনে অত্যন্ত রোমাঞ্চিত হয়েছি। আমি নিশ্চিত নই যে, ঠিক ভাবে গাইতে পারব কিনা!’
এরপর লতা বিখ্যাত গানটি গেয়ে সকলকে আরো একবার তার কণ্ঠের জাদুতে মোহিত করেছিলেন।
উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পী রবিবার ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।