১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান সার্চ কমিটির

আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে বলেছে সার্চ কমিটি।

রবিবার রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যক্তিগত পর্যায়ে আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ইমেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে দেশে প্রথমবারের মতো নির্বাচন কমিশন আইনের আওতায় সার্চ কমিটি গঠনের পরদিনই রবিবার বিকাল সাড়ে ৪টায় সংশ্লিষ্টদের নিয়ে প্রথম বৈঠকে বসলেন আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান।

কমিটির সদস্য মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বিকাল পৌনে ৪টা থেকে সোয়া ৪টার মধ্যে জাজেজ লাউঞ্জে পৌঁছান।

হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান আগে থেকেই সেখানে ছিলেন। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও বৈঠকে রয়েছেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।