নীতিনির্ধারণী বিষয়ে অন্যদের কথা বলতে নিষেধ করেছে জাপা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়া পার্টির নীতিনির্ধারণী বিষয়ে অন্যদের কথা বলতে নিষেধ করেছে জাতীয় পার্টি। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব ছাড়া অন্য কারও বক্তব্য জাতীয় পার্টির নীতিনির্ধারণী বক্তব্য বলে বিবেচিত হবে না। গত বছর ২১ ডিসেম্বর প্রেসিডিয়াম সদস্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির প্রধান হিসেবে দলের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এছাড়া মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু পার্টির মুখপাত্র হিসেবে কাজ করবেন। এখন থেকে জাতীয় পার্টির নীতিনির্ধারণী বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত অভিমত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।