ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি পশ্চাৎ সংযোগ শিল্প স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশি কোম্পানি মেসার্স আদনান ফাইবার লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ২৫ হাজার টন পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে। কারখানাটিতে ৫১৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং আদনান ফাইবার লিমিটেড গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং আদনান ফাইবারের ব্যবস্থাপনা পরিচালক কেএইচ আদনান মেহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বিজ্ঞপ্তি