সাভারে দুই নারীর চুল কাটার ঘটনায় পুলিশের মামলা

রাজধানীর উপকণ্ঠে সাভারে গরু চোর সন্দেহ দুই নারীকে পিটিয়ে আহত করার পাশাপাশি তাদের চুল কেটে দেওয়ার ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত এলাকাবাসীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলাটি করেন। নাম প্রকাশ করলে আসামি পালিয়ে যেতে পারে জানিয়ে প্রধান আসামির নাম জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামে এক ব্যক্তির গরু চুরির চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারজনকে আটক করে। এসময় গুরুতর আহত দুই নারীর চুল কেটে দেওয়া হয়। পরে আহত চারজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে দুই পুরুষ পালিয়ে যায়। এ ঘটনায় রাতে হাবিবুল্লাহ নামের ওই ব্যক্তি দুই নারীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় গরু চুরির চেষ্টার অভিযোগ করেন।