জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চাকরি স্থায়ীকরণের দাবি ডাইনিং কর্মচারীদের

চাকরি স্থায়ী ও বয়সসীমা ৬৫ বছর করাসহ স্বাস্থ্যবীমার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর ডাইনিং কর্মচারীরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বিক্ষোভ মিছিল করে  উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন তারা। উপাচার্যের পক্ষে তার একান্ত সচিব সানোয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে ডাইনিং কর্মচারী আসাদ মিয়া বলেন, ‘যখন কাজ শুরু করি তখন আমার বেতন ছিল ৫০ টাকা। ৩৭ বছর কাজ করার পর এখন বেতন হয়েছে ৮ হাজার টাকা। এই টাকা দিয়ে কি পরিবার চালানো সম্ভব?’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি মোহা. মুজিবুর রহমান বলেন, ‘উপাচার্য এ বিষয়টি নিয়ে বসবেন বলে জানিয়েছেন।’