ব্যর্থতার জন্য ব্যাটারদের বাজে ফর্মকে দায় দিচ্ছেন রকিবুল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। গতবার চ্যাম্পিয়ন হলেও এবার অষ্টম হতে হয়েছে রকিবুল হাসানের নেতৃত্বাধীন দলকে।

রবিবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রকিবুল। যিনি আগের আসরের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। ফাইনালে ভারতের বিপক্ষে জয় সূচক রানটি এসেছিল তার ব্যাট থেকেই।

এবার নিজেদের ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে রকিবুল বললেন, ‘প্রস্তুতি অনুযায়ী যে লক্ষ্য ঠিক করে গিয়েছিলাম, সেটা পূরণ করতে পারিনি। দল হিসেবে ব্যাটিংয়ের যে পরিকল্পনা ছিল, যে প্রক্রিয়া অনুযায়ী খেলার কথা ছিল, সেটি করতে পারিনি।’

চলতি আসরে বোলিং দারুণ হলেও শুরু থেকেই ব্যাটাররা ভুগেছে। তাই কোয়ার্টার ফাইনালেই থামতে হয় বাংলাদেশকে। এরপর স্থান নির্ধারণী দুই ম্যাচেই হেরে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে অষ্টম হয় বাংলাদেশের যুবারা। আরিফুল ইসলাম টানা দুই সেঞ্চুরি উপহার দিলেও জিততে পারেনি বাংলাদেশ।

অধিনায়ক রকিবুল বলছেন, ‘বড় ম্যাচগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। আগের সিরিজগুলোতে হয়তো ভালো ব্যাটিং করেছি, ভারতে গিয়ে ম্যাচ জিতেছি। ছন্দ তো সবারই কখনো কখনো কেটে যায়, ফর্ম চলে যায়। হয়তো বা এ টুর্নামেন্টে আমাদের ব্যাটসম্যানদের ফর্মটা অতটা ভালো যায়নি।’