মহেশখালীতে আধিপত্য নিয়ে গোলাগুলি, যুবক নিহত

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে মো. ফেরদৌস (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার রাত নয়টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফকিরা ঘোনায় এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত মো. ফেরদৌস ফকিরা ঘোনা এলাকার নুরুচ্ছফার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ফকিরাঘোনার আরুব্বর ও চাইদ্দর গোষ্ঠীর মধ্যে জমির বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার রাতে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবদুল হাই জানান, মূলত জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।