জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল আলম মারা গেছেন

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে শামসুল আলমের বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জ্যেষ্ঠ এই সাংবাদিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা, প্যানোস, ওএএনএ, এমিক থেকে ফেলোশিপ লাভ করেন।

তার উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে- ‘এ বুক অফ ইংলিশ পয়েমস’, ‘সাউথ এশিয়া ইয়েসটার্ডে-টুডে-টুমোরো’, ‘জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা’, ‘বাংলাদেশ ফ্রম এনসিয়েট এজ টু মডার্ন এরা’ প্রভৃতি।