সাকিব আল হাসানের ‘ব্যাক টু ব্যাক’ ফিফটিতে বিপিএলের সিলেট পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল। ৫ উইকেটে ১৫৫ রান করেছে তারা।
সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বরিশালকে দারুণ শুরু এনে দেন ওপেনার মুনিম শাহরিয়ার। তানভীর ইসলামের জোড়া আঘাতে আরেক ওপেনার ক্রিস গেইল (১০) ও ওয়ান-ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত (১) ব্যর্থ হলেও ঝোড়ো ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি।
মুনিম ২৫ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৫ রান করে সাজঘরে ফেরেন মঈন আলীর বলে। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব। ফিফটির পর ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে মুমিনুল হকের তালুবন্দী হন বরিশাল অধিনায়ক।
সাকিবের ৩৭ বলে ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ২ ছয়ে। এর আগের ইনিংসেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ রানে আউট হয়েছিলেন তিনি। সাকিবের বিদায়ের পর তেমন আর রান তুলতে পারেনি বরিশাল। হৃদয় ৩৭ বলে করেন অপরাজিত ৩১ ও ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে আসে ১০ রান। ৩ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।