দুই দিনেই হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে পাইকারিতে কেজি প্রতি ১০ টাকা করে। দুদিন আগেও ২৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৫ টাকা করে বিক্রি হচ্ছে।

একইভাবে খুচরাতে ১৫ টাকা বেড়ে ৪০ টাকা বিক্রি হচ্ছে যা আগে ২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এদিকে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা নুরুল ইসলাম বলেন, দুদিন আগেও কাচা মরিচ নিয়ে গেলাম তখন দাম কম ছিল, ২০ থেকে ২৫ টাকা কেজি দরে কিনেছি। দুদিনের ব্যবধানে সেই কাঁচা মরিচ দাম বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা হয়ে গেছে।

বাজারে কাঁচা মরিচ কিনতে আসা নুরজাহান বেগম বলেন, আমরা তো গরিব মানুষ দিন আনা দিন খাটা মানুষ। তরিতরকারিসহ সব জিনিসের দাম বাড়ছে সঙ্গে কাঁচা মরিচের দাম বাড়ছে। যে কাচা মরিচ ২০ টাকা ছিল তা এখন বেড়ে ৪০ টাকা হয়ে গেছে। এভাবে দাম বাড়লে আমরা কীভাবে চলবো।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, সম্প্রতি মাঘ মাসে হঠাৎ বৃষ্টিপাত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে কাচা মরিচের ক্ষেতগুলো পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়েছে। এতে বাজারে কাচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। বাজারে সরবরাহ কমার কারণেই কাঁচা মরিচ দাম বাড়ছে। সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে দাম কমে আসবে বলেও জানান তিনি।