সোমবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের পদ বাতিলে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এবার এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান সোমবার এ তথ্য জানিয়েছেন। মোস্তাফিজুর বলেন, ‘এ আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব। আজকে তো সম্ভব হচ্ছে না। আগামীকালই আপিলে আবেদন করব।’
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। এ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ নির্দেশ দেয়।
আদালত আপিল বোর্ডের দুই সদস্য ও নিপুণকে নির্দেশ দিয়েছে, তারা যেন জায়েদ খানকে দায়িত্ব পালনে কোনো রকম বিরক্ত না করেন। এ আদেশের ফলে রুল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জায়েদ খানই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকবেন।
প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন জায়েদ খান। তার আইনজীবী মুজিবুল হক ভূঁইয়া বলেন, ‘প্রার্থিতা বাতিল করে বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে, সেটিও স্থগিত করেছে আদালত। পাশাপাশি আদালত আপিল বোর্ডের দুজন সদস্য আর নিপুণ আক্তারকে নির্দেশ দিয়েছে জায়েদ খানকে দায়িত্ব পালনে যাতে কোনো রকম ডিস্টার্ব না করা হয়।’
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে।