বারিধারার বিপক্ষে ঘাম ঝরানো জয় কিংসের

হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশিত ফুটবল মেলে ধরতে ব্যর্থ হলো। গত মৌসুমে কোনো মতে অবনমন এড়ানো উত্তর বারিধারার বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরল দলটির।

সোমবার বারিধাবার বিপক্ষে ১-০ গোলে জয় পায় বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলটির পক্ষে একমাত্র গোলটি করেন স্তইয়ান ভ্রানিয়াস।

নিজেদের প্রথম ম্যাচে প্রিমিয়ার লিগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন কিংস।

অন্যদিকে বারিধারা টানা দুই ম্যাচ হারল। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-১ হেরেছিল গত লিগে ১৩ দলের মধ্যে ১১তম হওয়া বারিধারা।