বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে। সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা দিন দিন বেড়ই চলছে । এসবের প্রভাব পড়েছে এফডিসিতে। তবে উত্তেজনার মাঝেও শুটিংয়ে বেশ মুখরিত এফডিসি প্রাঙ্গণ। এখানে চলছে দুই সিনেমার দৃশ্যায়ন। এগুলো হচ্ছে ‘জয় বাংলা’, এবং ‘মায়া’। চলছে আরও একটি বিজ্ঞাপনের শুটিং। এছাড়াও চলছে ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমার ডাবিং।
আজ সোমবার (৭ফেব্রুয়ারি) সকাল থেকেই শুটিং-ডাবিং নিয়ে মুখরিত এফডিসি। আজ এফডিসিতে দেখা যাচ্ছে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী, বুবলী ও রোশানকে। বাপ্পী কাজ করছেন 'জয় বাংলা' সিনেমার। কাজী হায়াত পরিচালিত সিনেমাটির শুটিং হচ্ছে ৭ নম্বর ফ্লোর ও প্রশাসনিক ভবনের নিচতলায়।
এ সম্পর্কে বাপ্পী বলেন, ‘শিল্পী সমিতির যে জটিলতা তা দ্রুতই কেটে যাবে আশা করছি। যারা এটা নিয়ে লড়ছেন তারাও শিল্পীর জন্যই সময় দিচ্ছেন। তবে পাশাপাশি কাজটাও চালিয়ে যেতে হবে৷ ভালো লাগছে এফডিসিতে কাজের নানা আয়োজন৷ দেখে।’
সরেজমিনে দেখা গেল, রোশান-বুবলী প্রশাসনিক ভবনের সামনে 'মায়া' সিনেমার গানের শুটিং করছেন। অন্যদিকে সোলায়মান লেবুর ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমার ডাবিং করছেন অপু ও জয় চৌধুরী।