নির্মাণাধীন ভবনে হিমেলের নামে সাইনবোর্ড টানালো সহপাঠীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের নাম ‘শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’ নামকরণ করে সাইনবোর্ড টাঙিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চারুকলা অনুষদের ১৫-২০ জন শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন। তবে এ ব্যাপারে অবগত নন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের কাছে নিহত হিমেলের নামে একাডেমিক ভবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে।

তারা আরও বলেন, বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয় ঝরে পড়ে কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

তবে বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেন, বিষয়টা এমন না যে উপাচার্য আশ্বাস দিলো আর হয়ে গেল। হিমেল যে প্রকল্পের কাজ চলছে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় হতে অনুমোদিত। আর সেই প্রকল্পের কোনো ভবনের নাম দেওয়ার জন্য অবশ্যই অনুমতি লাগবে। তবে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সামনে ট্রাক চাপায় নিহত হন হিমেল। ট্রাকটি ওই ভবনের নির্মাণ সামগ্রী বহন করছিল। সেসময় থেকে শিক্ষার্থীরা ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানিয়ে আসছে।

পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে এক মুক্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।