লোকসানে থাকা পাটকল চালু না করার পক্ষে মত দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটি বলে, এসব পাটকল চালু করে সরকারের অর্থ অপচয়ের যৌক্তিকতা নেই।
বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুস শহীদ বলেন, নতুন করে সরকারিভাবে পাটকল চালু হবে কি হবে না এ নিয়ে অনেক প্রশ্ন এসেছে। আমরা বলেছি, এগুলো চালু হবে কি না সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে আমরা মনে করি যেগুলো লাভজনক নয় তা চালু করে সরকারের অর্থ অপচয় করার কোনো যৌক্তিকতা নেই।
বৈঠকে বস্ত্র ও পাট প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
মুজিবকেল্লার নির্মাণ কাজে কম অগ্রগতি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের বাস্তব অগ্রগতি কাঙ্ক্ষিত নয়।
দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের গ্রামীণ সড়কে ব্রিজ কালভার্ট নির্মাণে চলমান প্রকল্পের প্রসঙ্গে আব্দুস শহীদ বলেন, প্রকল্পে ১৫ মিটার অর্থাৎ ৪৫ ফুট ব্রিজ নির্মাণের কথা বলা হয়েছে। কিন্তু যে জায়গায় ব্রিজ হচ্ছে সেখানকার রাস্তা আছে ৬ ফুট। রাস্তার সঙ্গে সামঞ্জস্য হচ্ছে না। এ জন্য আমরা পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতা নিয়ে একটি কারিগরি রিপোর্ট করে দুই মাসের মধ্যে কমিটিতে পাঠাতে বলেছি।
কমিটির সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সদস্য নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার।