গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকার একটি ইটভাটা থেকে গতকাল সোমবার দুপুরে আবুদল মজিদ (৬০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। আবদুল মজিদ সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, সোমবার সকালে সাদুল্লাপুরের একবারপুর এলাকার একটি ইটভাটায় একটি মরদেহ পরে থাকতে দেখেন লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে বেলা ১টার দিকে নিহতের স্বজনরা তদন্ত কেন্দ্রে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, গত রবিবার বিকেলে আবদুল মজিদ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, নিহত আবদুল মজিদের মাথায় আঘাত ও গলায় ক্ষতচিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।