খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে দুর্ঘটনা এড়াতে দুটি গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণ করা হয়েছে। গতিরোধকের সামনে দেওয়া হয়েছে সতর্কতামূলক জেব্রাক্রসিং। গত রবি এবং গতকাল সোমবার সড়ক ও জনপথ বিভাগ এ গতিরোধক নির্মাণ করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ‘ভারী যান চলাচলে বাড়ছে ঝুঁকি’ শিরোনামে গত ৩ ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়।
সড়ক ও জনপথ বিভাগ, খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, খুলনা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের চিঠি ছাড়াও গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রকাশিত সংবাদ তাদের নজরে আসে। দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় নিয়ে দ্রুত গতিরোধক নির্মাণ করা হয়। শিগগিরই বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ির গতিসীমা নির্দেশক সাইনবোর্ড দেওয়া হবে। ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য নকশা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
গতিরোধক নির্মাণ করায় সড়ক ও জনপথ বিভাগকে ধন্যবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।