রাজধানীর উত্তরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উত্তরা বেশ কিছু সেক্টরে এ অভিযান পরিচালনা করে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উত্তরা ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ার হতে অভিযান পরিচালনা করেন তাপস শীল।
এ সময় তিনি জানান, সিটি করপোরেশনের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভাসমান দোকান, টং দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
‘বারবার অভিযান পরিচালনা করে ও সড়ক পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে সাধারণ জনগণের বাধা সৃষ্টি করেছে কিছু অসাধু ব্যবসায়ী। এ সময় সড়কে বালু ও গাছ রাখায় কয়েক জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।’
অন্যদিকে ১২ নম্বর সেক্টর খালপাড় উত্তর সিটির করপোরেশন অঞ্চল (৬) নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কে থেকে প্রায় দেড়শটি দোকান উচ্ছেদ করেন। পাশাপাশি ১২ নম্বর সেক্টর খিদির খালে জমে থাকা বর্জ্য পরিষ্কার করেন।
তিনি বলেন, কোনো অবস্থাতেই ফুটপাতে দোকান অবৈধ স্থাপনা রাখা যাবে না। উত্তরার ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
হঠাৎ এমন অভিযান হওয়ায় ক্ষুব্ধ সেখানকার ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, কোনো ধরনের নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
ব্যবসায়ীরা দাবি করেছেন, সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মী এই ফুটপাত বাজার থেকে টাকা নিতেন।
জানতে চাইলে উত্তর সিটির ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুর রহমান দেশ রূপান্তরকে জানান, আজ থেকে কোনো অবস্থাতেই ফুটপাতে কোনো ধরনের অবৈধ দোকানপাট বসতে দেয়া হবে না। জনগণের সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।