‘ইয়েস ম্যাডাম’ প্রদর্শিত হলেই আইনি ব্যবস্থা

দেশের কোথাও প্রদর্শিত হতে পারবে না মিটু সিকদার প্রযোজিত ‘ইয়েস ম্যাডাম’। নিষিদ্ধ ঘোষিত ছবিটি প্রদর্শিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রবিবার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য পাওয়া যায়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিটু সিকদার নির্মিত ‘ইয়েস ম্যাডাম’ নামের চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায়, তা নাকচ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আপিল আবেদন নাকচের কারণে চলচ্চিত্রটি সনদপত্রবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হলো।

চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত বছরের মাঝামাঝিতে ‘ইয়েস ম্যাডাম’-এর শুটিং শুরু হয়। নাম চরিত্রে আছেন সাবরিনা সুলতানা কেয়া। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ নায়িকার বিপরীতে আছেন সাইফ খান। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘ইয়েস ম্যাডাম’ পরিচালনা করেছেন রাকিবুল আলম রাকিব।