কফি মেশিন বিস্ফোরণে কেঁপে উঠল আইডিবি ভবন, আহত ৪

রাজধানীর আগারগাঁওয়ে একটি খাবারের দোকানে কফি মেশিন বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় পার্শ্ববর্তী আইডিবি ভবন কেঁপে ওঠে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে আইডিবি ভবনসংলগ্ন একটি খাবারের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোণের ঘটনার প্রত্যক্ষদর্শী চারজন আহত হওয়ার কথা জানিয়েছেন। তবে পুলিশ তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

আহতদের মধ্যে মো. রিয়াদ নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াদের সহকর্মী মো. জনি বলেন, বিস্ফোরণে তাদের আরও তিন কর্মী আহত হয়েছেন। তারা হলেন রুবেল (৩০), হিরো (৪০) ও আলমগীর (২২)।

আইডিবি ভবনের চতুর্থ তলায় কর্মরত এক ব্যক্তি জানান, বিস্ফোরণটি আইডিবি ভবনের বাইরে ঘটলেও পুরো ভবন কেঁপে ওঠে। এসময় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

তিনি জানান, পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন, আহত ব্যক্তিদের একজন মাথায় ও পায়ে আঘাত পেয়েছেন। আরেকজন পেটে বড় ধরনের আঘাত পেয়েছেন।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, বেলা ১টা ৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তখন আগুন নিভে গিয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খাবারের দোকানটি লায়ন্স চক্ষু হাসপাতালের জন্য বরাদ্দ ছিল। আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।