কঙ্গনার অনুষ্ঠানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই বীর দাসের

গত নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের ‘টু ইন্ডিয়ানস’। যেখানে দু-মুখো ভারতের ছবি তুলেছিলেন তিনি!

কিন্তু দেশকে বিদেশের মাটিতে নেতিবাচকভাবে তুলে ধরার অভিযোগে তীব্রভাবে নিন্দিত হন বীর। ওই সময় গর্জে উঠেছিলেন কঙ্গনা রনৌতও, দাবি করেন শাস্তি।

সম্প্রতি ‘লক আপ’ নামের রিয়্যালিটি শো শুরু করেছেন কঙ্গনা। তাতে নাকি বীর দাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রসঙ্গে মুখ খুললেন স্ট্যান্ডআপ কমেডিয়ান-অভিনেতা।

কঙ্গনার মতো অনুষ্ঠানের প্রচারও দুর্ধর্ষ! বলা হচ্ছে, একতা কাপুরের প্রযোজনায় ভারতীয় ছোটপর্দার ইতিহাসে ‘সবচেয়ে দুঃসাহসিক রিয়েলিটি শো’ নিয়ে হাজির হচ্ছেন তিনটি জাতীয় পুরস্কার বিজয়ী নায়িকা।

এই শো-এর মাধ্যমেই সঞ্চালক হিসেবে ডেবিউ করতে চলেছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। গুঞ্জন উঠেছিল অনুষ্ঠানে অন্যতম প্রতিযোগী হিসেবে দেখা যাবে স্ট্যান্ডআপ কমেডিয়ান-অভিনেতা বীর দাসকে।

এ নিয়ে ‘দিল্লি বেলি’ অভিনেতা জানালেন, খবরটি একেবারেই মিথ্যা। শো কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয়নি, আর অংশগ্রহণ করার ব্যাপারে তারও বিন্দুমাত্র আগ্রহ নেই। তবে অনুষ্ঠানের সাফল্য কামনা করে কঙ্গনাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

নভেম্বরের ওই ঘটনায় কঙ্গনা বীর দাসের বিরুদ্ধে লেখেন, ক্রিয়েটিভ ওয়ার্কের তকমা দিয়ে একটা পুরো জাতির নামে এভাবে বিদ্বেষ ছড়ানো হলো আসলে হালকা চালে সন্ত্রাসবাদী কার্যকলাপ। বীর দাসের মতো ক্রিমিনালের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া প্রয়োজন।

২০১৫ সালে ‘রিভলবার রানি’  নামের একটি ছবিতে একসঙ্গে অভিনয় করেন কঙ্গনা ও বীর। তবে ছবিটি একদমই সাড়া পায়নি।