ভূমধ্যসাগর থেকে গতকাল মঙ্গলবার কৃষ্ণসাগর অভিমুখে যাত্রা করেছে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্টারফ্যাক্স। রাশিয়ার একটি নৌ মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে পাঠিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে গত মাসেই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বড় ধরনের একটি নৌ মহড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এতে রাশিয়ার সব নৌবহরকে যুক্ত করার কথাও জানায় মস্কো।
এদিকে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইউক্রেন। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে এই মহড়া অনুষ্ঠিত হবে। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বেলারুশে রাশিয়ার মহড়ার জবাবে এই পাল্টা মহড়া চালাবে কিয়েভ।