ভালো কাজের বিকল্প নেই

নাটক, টেলিফিল্ম, সিনেমা সব জায়গাতেই বিচরণ মৌসুমী হামিদের। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

সাম্প্রতিক কাজ...

বেশ কিছু নাটকের কাজ করছি। আজ দুপুরে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ নামে আমার একটা নাটক প্রচারিত হবে চ্যানেল আইতে। বাংলা ভাষা ও শহীদ মিনারের অপরিসীম মর্যাদার বিষয়টি তুলে ধরে নির্মিত হয়েছে নাটকটি। পরিচালনা করেছেন সীমান্ত সজল।

নির্বাচন...

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বাহী পদে নির্বাচন করেছিলাম। কিন্তু পরাজিত হয়েছি। এটা নিয়ে কোনো আফসোস নেই। আমি মনে করি, ভোটাররা যোগ্য প্রার্থীদেরই বিজয়ী করেছেন।

‘ছিটমহল’...

এইচ আর হাবিবের পরিচালনায় ‘ছিটমহল’ সিনেমায় অভিনয় করেছিলাম। এটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ভালো রেসপন্স পেয়েছি। যারা দেখেছেন তারা জানেন যে ছিটমহলবাসীর দুঃখ-দুর্দশা নিয়েই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এর আগে সর্বশেষ ‘গোর’ সিনেমাটি মুক্তি পেয়েছে, এটার জন্যও প্রশংসা পেয়েছি।

ওয়েবে...

ইদানীং ওয়েবের জন্যও কাজ করছি। এটা আলাদা প্ল্যাটফর্ম। ফলে কাজের ধরনটাও একটু ভিন্নরকম হবে এটাই স্বাভাবিক। তবে কাজ করার অভিজ্ঞতা ভালো।

স্বাচ্ছন্দ্য...

নাটক, সিনেমা, ওয়েব ফিকশন একেকটা একেক ঘরানার হলেও আমি যেটা মনে করি, সব জায়গাতেই ভালো পারফরম্যান্স করতে হবে। আমি তাই চেষ্টা করি। সেই জায়গা থেকে এগুলোকে আলাদা করে দেখি না। স্বাচ্ছন্দ্য সব জায়গাতেই। তবে ভালো কাজের বিকল্প নেই। চেষ্টা করি ভালো কাজ করতে সেটা সিনেমা হোক, নাটক হোক বা ওয়েবে হোক।

নতুন সিনেমা...

সর্বশেষ হৃদি হক আপুর ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রের কাজ করছি। খুব সুন্দর একটা চলচ্চিত্র, কাজ করে আমি মুগ্ধ। এখনো অবশ্য কিছু কাজ বাকি আছে।

ক্যারিয়ার...

এ যাবৎ নাটক, টেলিফিল্ম, সিনেমা, ওয়েব ফিকশন সব মাধ্যমেই কাজ করেছি। অনেক ভালো ভালো কাজ করার সুযোগ পেয়েছি। কিছু হয়তো মনমতো হয়নি। তবে বেশিরভাগই ভালো ছিল। সেই জায়গা থেকে আমি বলব, আমি কাজ করে তৃপ্ত।

ব্যক্তিগত জীবন...

ব্যক্তিগত জীবন দারুণ কাটছে। অনেকেই বিয়ে কবে করব, কেমন পাত্র চাই এসব নিয়ে প্রশ্ন করেন। আমি বলব, বিয়ে করলে সবাইকে জানিয়েই করব। কেমন পাত্র চাই সেসব নিয়ে বলারও কিছু নেই।