তাবলিগের ১৪ মুসল্লির মোবাইল টাকা লুট

মাদারীপুরে একটি মসজিদে পানিতে চেতনানাশক মিশিয়ে তাবলিগ জামাতের ১৪ মুসল্লিকে অচেতন করে তাদের টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে কালকিনি উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের চর ঠেঙ্গামারা বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ভোরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, তাবলিগ জামাতের ১৪ সদস্যের একটি দল সোমবার মৌলভীবাজার থেকে চর ঠেঙ্গামারা জামে মসজিদে আসে। সন্ধ্যায় দুজন অজ্ঞাত যুবক তাদের সঙ্গে অবস্থান নেন। এশার নামাজ শেষে মুসল্লিরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরে স্থানীয়রা নামাজে এসে তাদের অচেতন পান। তাদের কাছ থেকে নগদ ৮৮ হাজার টাকা, ১১টি মোবাইল ফোন, ঘড়িসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।