রূপগঞ্জে বিক্ষোভের মুখে মেট্রোরেল কর্মকর্তারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করতে গিয়ে জমিমালিকদের বাধা ও বিক্ষোভের মুখে পড়েছেন জেলা প্রশাসন ও মেট্রোরেলের  কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী মৌজা এলাকায় এ ঘটনা ঘটে।

জমির মালিকরা বলছেন, মেট্রোরেল এমআরটি লাইন ১-এর অধিগ্রহণকৃত জমির টাকা না দিয়ে সীমানা বুঝে নিতে এসেছিলেন প্রশাসন ও মেট্রোরেল  কর্মকর্তারা। পরে তারা জমির সঠিক বিল পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। একপর্যায়ে বিক্ষোভ ও বাধার মুখে জেলা প্রশাসন ও মেট্রোরেলের কর্মকর্তারা চলে যান।

মেট্রোরেল ও জেলা প্রশাসন কর্তৃপক্ষের দাবি, তারা রূপগঞ্জের মেট্রোরেল এমআরটি লাইন ১ প্রজেক্ট পরিদর্শন করতে গিয়েছিলেন। কোনো জমি বুঝে নিতে আসেননি। কারও বাধার শিকার হননি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এডিসি রাজস্ব তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা রূপগঞ্জের মেট্রোরেল এমআরটি লাইন ১ প্রজেক্ট পরিদর্শন করতে গিয়েছি। কারও বাধার শিকার হইনি। তবে স্থানীয়দের দাবিদাওয়ার কথা শুনেছি। আনুষ্ঠানিক তাদের দাবি লিখিতভাবে জানালে বিষয়টির সুরাহা করা হবে।’

মেট্রোরেল এমআরটি লাইন ১-এর ডেপুটি সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, ‘আমরা জমি বুঝে নিতে আসিনি। পরিদর্শন করতে এসেছিলাম। জমির মালিকদের সঙ্গে সব বিষয় সমাধান করা হয়েছে।’