পটুয়াখালীর দুমকিতে মোবাইল চুরির অপবাদ দিয়ে নাবিল (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছেন পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা। এ সময় তাকে মারধরও করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থী নাবিলের মা হাসিনা বেগম জানান, নাবিল মৌকরন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় বড় ভাই রবিউলের সঙ্গে পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সামনে কাজে যায়। এ সময় ওই মাদ্রাসার শিক্ষক ওলিউল্লার মোবাইল ফোন না পেয়ে নাবিলকে চোর সন্দেহ করে মেম্বার রানার হাতে তুলে দেন।
পরে মেম্বার রানা ও রিপন মুন্সিসহ বেশ কয়েকজন নাবিলের মাথার চুল কেটে দেয় এবং মারধর করেন। এর কিছু পরপরই ওই মোবাইলটি পাশেই পাওয়া যায়।
দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।