রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ এ কর্মসূচি পালন করছেন তারা। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দ্বিতীয়বার ভর্তি সুযোগ চাই, দিতে হবে, সিলেকশন পদ্ধতি বাতিল চাই, বঙ্গবন্ধুর বাংলায়, দ্বিতীয়বার সুযোগ চাই’- স্লোগান দিতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মসূচিতে ভর্তি–ইচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে সিট চাইনি। এই সিলেকশন পদ্ধতি বাতিল করে আমাদের দ্বিতীয়বার ভর্তি সুযোগ দেয়া হোক। আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করা না হোক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমাদের মেইন গেটের সামনে আন্দোলন করেছে। তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি এটি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তবে তাদের দাবির বিষয়টি প্রশাসন বিবেচনায় রাখবে।