রাজার ফিফটিতে খুলনার পুঁজি ১২৯

টপ-অর্ডাররা ব্যর্থ হলেও দলের প্রয়োজনে চমৎকার ইনিংস খেললেন সিকান্দার রাজা। জিম্বাবুয়েন ব্যাটিং অলরাউন্ডারের ফিফটিতে বিপিএলের সিলেট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স।

বুধবার দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা। আরাফাত সানিদের সামনে দলীয় ১২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে মুশফিকুর রহিমের দল। সেখান থেকে স্কোরবোর্ডটা হয়ে যায় ৫৮/৬। দলীয় শতরান পেরোনোর আগেই ৭ উইকেট হারায় খুলনা।

ওপেনার সৌম্য সরকারকে (১) দিয়ে শুরু। এরপর একে একে সাজঘরে ফেরেন জাকের আলী (৬), ওপেনার আন্দ্রে ফ্লেচার (৬), ইয়াসির আলী (০), উইকেটরক্ষক-অধিনায়ক মুশফিকুর রহিম (১২), মেহেদী হাসান (১৭) ও থিসারা পেরেরা (১২)।

খুলনাকে শতক পেরোনো সংগ্রহ এনে দেন রাজা। শেষ ওভারে আউট হওয়ার আগে ৫০ বলে ৬৪ রান করেন তিনি। রাজার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ৪ ছয়ে। ৮ রানে অপরাজিত ছিলেন রুয়েল মিয়া। মিনিস্টার ঢাকার হয়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন সানি ও আজমতউল্লাহ ওমরজাই।