চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মিশু আক্তার (১৬) ও নিশা মনি (১৮) নামের দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা স্থানীয় হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূজপুর কাজিরহাটের দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি আটক করতে ট্রাফিক পুলিশ ধাওয়া দিলে আটক এড়াতে বেপরোয়া গতিতে চালান চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপার হওয়া দুই স্কুল শিক্ষার্থীকে চাপা দেয় চাঁদের গাড়িটি।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম জানান, দুজনকে চাপা দেয়ার ঘটনায় স্থানীয় লোকজন একটি পুলিশ ভ্যানে আগুন দেয়।
নিহত মিশু আকতার উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামের আবুল বশর ও নিহত নিশা মনি একই ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের লোকমানের মেয়ে।
এ ঘটনায় উত্তেজিত জনতা পেলাগাজী এলাকায় প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।