রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ভাসমান জনগোষ্ঠীকে টিকাদান শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ভাসমান জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু করেছে।

বুধবার সকাল ৯টা থেকে রাত নয়টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ডিএনসিসির ইপিআই সুপারভাইজার মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, ‘ডিএনসিসিতে বসবাসরত যেসব জনগোষ্ঠীর কোনো প্রকার পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই, তাদের এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হচ্ছে। আজ দ্বিতীয় ও শেষ দিনের মতো এই কর্মসূচি চলছে। তবে যারা টিকা নিচ্ছেন, তাদের কোনো কাগজ বা প্রমাণপত্র দেওয়া হচ্ছে না। তারা কোনো সার্টিফিকেটও পাবেন না।’

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আজ ৫০০ ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। যদি বিকেল ৩টার পরও টিকার চাহিদা থাকে, তাহলে ৪টা থেকে ৫টা পর্যন্ত দেওয়া হবে।

এ ছাড়া ডিএনসিসি এলাকায় যদি ভাসমান জনগোষ্ঠীর মধ্যে টিকার চাহিদা থাকে, তাহলে পরবর্তীতে এরূপ কার্যক্রম গ্রহণ করা হবে।

সেবা নিতে আসা মৌসুমী আক্তার জানান, তার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড কোনটাই নেই। তিনি পেশায় একজন ভিক্ষুক। করোনায় টিকা দিতে পারবে কিনা অনিশ্চয়তায় ভুগছিলেন। আজ ডিএনসিসির টিকা কার্যক্রমে টিকা দিতে পেরে তিনি অনেক আনন্দিত এমনটি জানিয়েছেন।