ইসি গঠনের বিষয়ে মতামত নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে চিঠি পাঠাবে সার্চ কমিটি। এ ছাড়া সুশীল সমাজের সদস্য, নির্বাচন বিশেষজ্ঞ এবং জনগণের একটি অংশকে ডাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমকে এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সার্চ কমিটির নেতৃত্বে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী বিচারপতি ওবায়দুল হাসানসহ কমিটির অন্য সদস্যরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, একই জায়গায় ৬ সদস্যের সার্চ কমিটি শনিবার ও রবিবার ৩টি বৈঠক করবে। এর মধ্যে শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ২টি বৈঠক অনুষ্ঠিত হবে। রবিবারের বৈঠক হবে বিকেল ৪টা থেকে।
বৈঠকগুলোতে অংশ নেওয়ার জন্য প্রায় ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব, যার তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।
সার্চ কমিটি বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করে নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। এরপর রাষ্ট্রপতি আইন অনুযায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সিইসি ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবেন।
একটি সংবাদমাধ্যম কয়েকজন আমন্ত্রিত অতিথির নামও প্রকাশ করেছে। ওই সংবাদমাধ্যমে যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন- সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও ইউসুফ হোসেন হুমায়ুন, বিশিষ্ট আইনজ্ঞ শাহদীন মালিক, আইন বিশেষজ্ঞ আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।