কাঁচা বাদামের ভুবনকে সংবর্ধনা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ

কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার তাদের সদর দপ্তর ভবানি ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা দেবেন রাজ্য পুলিশের ডিজি এবং আইজিপি মনোজ মালব্য। উপস্থিত থাকবেন পুলিশের অন্যান্য কর্মকর্তারাও।

ভারতের বীরভূমের বাসিন্দা কাঁচা বাদাম বিক্রেতা ভুবনের গানের খ্যাতি ইতিমধ্যেই পৌঁছে গেছে অনেক দেশে। অনুরাগীদের আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেনও তিনি।

বাউল ঢঙে গাওয়া তার গান ইউটিউবে ভাইরাল হয়েছে। সাধারণ মানুষ থেকে কনটেন্ট ক্রিয়েটর, সকলেরই পছন্দের তালিকায় রয়েছে তার গান। সম্প্রতি ভাইরাল হয়েছিল তানজানিয়ার কিল পলের কাঁচা বাদাম গানের ভিডিও। আবার ইউরোপের রাস্তাতেও শোনা গেছে এই গান।

ফ্রান্সের ইউটিউবার জিকা কাঁচা বাদাম গানের সঙ্গে পা মিলিয়েছেন। ইউটিউবে ইতিমধ্যেই ভুবনের গানের সঙ্গে জিকার নাচ বিখ্যাত হয়েছে। টেলিভিশনে প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঙ্গে একটি জনপ্রিয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন ভুবন। সূত্র: আজকালডটইন