বিসিবির ভাবনায় থাকা টেইট এখন পাকিস্তানের

অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওটিস গিবসন বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর টেইট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় ছিলেন।

এখন অবশ্য বাংলাদেশেই অবস্থান করছেন টেইট। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হিসেবে কাজ করছেন তিনি। সেই দায়িত্ব পালন করতে এসে তিনি নিজেও বলেছিলেন, বাংলাদেশের দায়িত্ব পেলে সেটা তার জন্য দারুণ হবে।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সামনে রেখে বুধবার টেইটকে বোলিং কোচ নিয়োগের কথা জানায় পিসিবি। ৩৮ বছর বয়সী সাবেক এই ডানহাতি ফাস্ট বোলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সংস্থাটি।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সাকলায়েন মুশতাক আরো এক বছরের জন্য প্রধান কোচ থাকবেন। মোহাম্মদ ইউসুফ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলা টেইট ২০১৭ সালে ইনজুরির কারণে মাঠের ক্রিকেটকে বিদায় বলে দেন। তবে ২০০৯ সালেই প্রথম শ্রেণির ক্রিকেট এবং ২০১১ সালে ওয়ানডে ক্রিকেট ছেড়েছিলেন তিনি।

২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন টেইট। ২৩ উইকেট নিয়ে তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।

আরো পড়ুন

বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন প্রিন্স