ঘরের মাঠে তিন ম্যাচ ছিল সিলেট সানরাইজার্সের। তিনটির একটিতেও জিতল না তারা। কাল ঘরের মাঠে শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরেছে সিলেট। আগে ব্যাট করে সিলেট ৫ উইকেটে ১৬৯ রান করে। জবাবে কুমিল্লা ৬ উইকেটে ১৭৩ রান তুলে জয় নিশ্চিত করে।
সিলেটের হয়ে গত দুই ম্যাচেই অসাধারণ খেলেছেন কলিন ইনগ্রাম। তবে সঙ্গী না পাওয়ায় দলকে জেতাতে পারেননি। আগের ম্যাচে ৯০ করা ইনগ্রাম এবার ৬৩ বলে ৮৯ করলেন ৩ ছক্কা ও ৯ চারে। কাল এনামুলের সঙ্গে ১২.২ ওভারে ১০৫ রানের জুটি গড়েন।
জবাবে ২২ রানে ২ উইকেট হারালেও মাহমুদুল হাসান জয়ের ৬৭ ও মঈন আলির ৪৬ রানে জয়ের ব্যাটে জিতে যায় কুমিল্লা।