ছেলে সন্তান পেতে ধর্মগুরুর কথায় মাথায় পেরেক ঠুকলেন গর্ভবতী!

ছেলে সন্তান সৌভাগ্যের প্রতীক! বংশ প্রদীপ! তাই ছেলে সন্তানই চাই। একবিংশ শতাব্দিতে দাঁড়িয়েও ছেলে সন্তানের জন্য মরিয়া বহু মানুষ। বহু পরিবার। তার জন্য যা করতে হয় করতে তৈরি হয়ে যান দম্পতিরা। তার ফল যে কতটা মারাত্মক হয়, তার হাতেনাতে প্রমাণ মিলল পাকিস্তানের পেশোয়ারে। ধর্মগুরুর পরামর্শে মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসলেন এক নারী। যার জেরে আপাতত অন্ত্বঃসত্তার প্রাণ নিয়েই টানাটানি চলছে।

পর পর তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন পেশোয়ারের উত্তর পশ্চিমাঞ্চলের এক শহরের বাসিন্দা ওই নারী। ফের অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি। যেনতেন প্রকারে এবার ছেলেই চাই। তাই সুফি ধর্মগুরুর দ্বারস্থ হয়েছিলেন তিনি। বংশেরপ্রদীপ পেতে তাঁকে উপায় বাতলে দিয়েছিলেন সেই ধর্মগুরু। কী সেই উপায়?

জানা গিয়েছে, একটি ৫ সেন্টিমিটার লম্বা ছুঁচালো পেরেক মাথার উপর রেখে তার উপর ভারী হাতুড়ি দিয়ে আঘাত করতে বলা হয়েছিল। আর সেটাই করেছিলেন ওই নারী। যার জেরে কপাল ভেদ করে পাঁচ সেন্টিমিটার লম্বা পেরেকটি ঢুকে যায়। ভাগ্যক্রমে মস্তিষ্কে আঘাত লাগেনি তার। সংকটজনক অবস্থা পেশোয়ারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

ঘটনা প্রসঙ্গে সেই হাসপাতালেক চিকিৎসক হায়দার খান জানান, সুফি ধর্মগুরুর কথা মেনে মাথায় পেরেক রেখে তাতে হাতুড়ি দিয়ে আঘাত করেন ওই নারী নিজেই। যার জেরে মাথায় গভীর আঘাত লেগেছে। অনেকটা গভীরে ঢুকে গিয়েছে পেরেকটি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যার প্রভাবে পড়েছে আগত সন্তানের উপরও। তিনি আরও জানিয়েছেন, ওই নারীর তিন কন্যাসন্তান রয়েছে। এবারও এক কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। খবর পেয়ে পুলিশ ওই নারীর সঙ্গে যোগাযোগ করেছে। তার থেকে তথ্য সংগ্রহ করে ধর্মগুরুর খোঁজ চলছে।