আচমকা নিখোঁজ সুপারস্টার হাজির নেটফ্লিক্সে (ট্রেলার)

এক সুপারস্টারের জীবন ক্যামেরার এপার থেকে যতটা পারফেক্ট দেখায়, আদতে কি ততটাই নিখুঁত তাদের জীবন? সুপারস্টার অনামিকা আনন্দ হারিয়ে যাওয়ার পর এমন প্রশ্ন ওঠে। তিনি কি স্টারডমের বোঝা বইতে বইতে ক্লান্ত? নাকি সত্যিই কোনো বিপদের মুখে? রহস্যের জট খুলবে ২৫ ফেব্রুয়ারি।

এবার ওটিটি দুনিয়ায় নিজের রূপ আর অভিনয়ের জাদুতে মুগ্ধতা ছড়াবেন ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে অনামিকা চরিত্রে নতুন জার্নি শুরু হচ্ছে তার। এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার।

এই ওয়েব শো-তে মাধুরী ছাড়াও থাকছেন সঞ্জয় কাপুর, মানব কল, লক্ষ্যবীর স্মরণ, সাহাসিনী মুলে ও মুসকান জাফেরিরা।

সেখানে দেখা যাবে, সুপারস্টার অনামিকা আচমকাই রাতারাতি গায়েব হয়ে যায়। এরপর তদন্তে নামে পুলিশ। তবে রহস্যের জট খুলতে নেমে পুলিশ বারবার হোঁচট খায়, কারণ সবাই যেন কোনো রহস্য গোপন করে চলেছে। ফলে শুরু হয় অনামিকার জীবনবৃত্তান্ত ঘেঁটে দেখা। অনামিকার দাম্পত্য জীবনের টানাপোড়েন, দুই সন্তানের সঙ্গে তার সম্পর্ক, সহ-অভিনেতা মানব কলের সঙ্গে তার ঘনিষ্ঠতা; এই সবকিছুকেই ঘিরে রয়েছে রহস্যের মায়াজাল।

ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করে মাধুরী লেখেন, “শুনেছিলাম, স্টারডম এক লহমায় হারিয়ে যেতে পারে। কিন্তু সুপারস্টার যদি নিজেই নিখোঁজ হয় যান… এমনটা আগে কোনোদিন শুনিনি। নিজের ‘পারফেক্ট’ জীবনের গল্প বলতে আসছে অনামিকা আনন্দ।”

ভার্চ্যুয়াল ট্রেলার লঞ্চ ইভেন্টে মাধুরী নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে জানান, ‘আমি এখানে একজন ফিল্মস্টারের চরিত্রেই রয়েছি, যে একজন সুপারস্টার। পাশাপাশি তার একটা পরিবার রয়েছে, সন্তান রয়েছে। তবে রিয়েল লাইফে আমার জীবনটা মোটেই অনামিকার মতো নয়। আমার পরিবারের সঙ্গে আমার বন্ধন অনেক মজবুত। পাশাপাশি আমি সৌভাগ্যবান যে আমি কিছু সেরা পরিচালক ও সহ-অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি।’

কয়েক বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে মাধুরীর অভিষেকের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সামনে আসছে সেই ‘দ্য ফেম গেম’।