সাফারি পার্কে প্রাণীর মৃত্যু

আরও এক কর্মকর্তাকে বদলি তদন্ত কমিটিতে নতুন তিনজন

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো প্রাণীর মৃত্যুর ঘটনায় আরও এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খানকে বদলি করা হলো রাজশাহীতে। উচ্চপর্যায়ের তদন্তের প্রয়োজনেই এ বদলি। এর আগে একই ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনকে বদলি করা হয়েছিল। এর কদিন পরেই পার্কের প্রকল্প পরিচালককে সরানো হয়েছিল দায়িত্ব থেকে। সব শেষ আরও এক কর্মকর্তার বদলির বিষয়টি রাতে নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তদন্ত কমিটিতে আরও তিনজনের সংযুক্তির বিষয়টিও জানানো হয়েছে।

এদিকে তদন্ত কমিটির প্রধান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক জানিয়েছিলেন, ১০ কার্যদিবসের মধ্যে গঠন করা কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর গত বুধবার আরেক দফা আরও ১০ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে তদন্ত কমিটির। এদিকে তদন্ত কমিটিতে আরও তিনজনকে যুক্ত করা হয়েছে। তিনি জানান, তদন্ত কমিটিতে নতুন যুক্ত হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খান, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের (সিডিআইএল) প্রধান গোলাম আজম চৌধুরী ও গাজীপুর জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাতে জানান, পার্কের কোর সাফারিতে দায়িত্ব পালনকারী ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খানকে বদলি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছেন বদলি প্রয়োজন তাই বদলি করা হয়েছে। আর এটা সরকারি চাকরির একটি নিয়মিত (স্বাভাবিক প্রক্রিয়া) প্রসেসিং। এ পদে অন্যজনকে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সাফারি পার্কের ১১ জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যুর ঘটনায় আগেও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।