শাবিপ্রবির সংকট নিরসনে বিমানযোগে সিলেটে শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনের জন্য শিক্ষামন্ত্রী ড. দীপু মনি সিলেটে পৌঁছেছেন।

শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তার সঙ্গে ছিলেন।

শিক্ষামন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি সকাল সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে পৌঁছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এরপর সকাল সাড়ে ১০টায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন।

বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে সিলেট সার্কিট হাউস ত্যাগ করবেন।

এরপর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন।

রাত ৮টা ২০ মিনিটে একটি ফ্লাইটে সিলেট থেকে তার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, শিক্ষামন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে মন্ত্রীর ‘ঐতিহাসিক ভূমিকা’ চান বলে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মাধ্যমে তারা তথ্যটি জেনেছেন।

মন্ত্রীর এই সফরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু হওয়া বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা বিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা।

গত ২৬ জানুয়ারি অনশন ভাঙার পর জাফর ইকবাল ও ইয়াসমিন হকের হাতে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ পাঁচটি দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তুলে দেন।

এরপর ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ প্রক্টরের পদ থেকে বৃহস্পতিবার আলমগীর কবীরকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পাঁচ দাবির মধ্যে এ দুজনের অপসারণও ছিল।