শেখ হাসিনা যাদের নাম দেবে তারাই হবে ইসি: ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সার্চ কমিটিকে শেখ হাসিনা বা সরকার যাদের নাম দেবে তারাই নির্বাচন কমিশনার হবে। এতে অংশগ্রহণ করা, এ নিয়ে মাথা ঘামানো অর্থহীন।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) এই আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, এই সরকারের অধীনে ভবিষ্যতে আর কোন নির্বাচন হতে পারে না। ২০ দলীয় জোট পূর্বেই জানিয়েছে শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাবো না। কেননা শেখ হাসিনার অধীনে বিগত দুটি নির্বাচন প্রমাণিত যেখানে সুষ্ঠু নির্বাচন হয় না, জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনের কোনো অর্থ হয় না।

এ সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে মন্তব্য করেন মোশাররফ। তিনি  বলেন, কিছুদিন পূর্বে প্রেসিডেন্ট সাহেব সংলাপের নামে একটি নাটক করলেন। আমরা আগেও বলছি এটা একটা নাটক ছিল। কেননা সরকার দেশের জনগণকে আবার ধোঁকা দেওয়ার জন্য একটি আইন করেছে। এখন নির্বাচন কমিশন গঠন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করেছে। প্রেসিডেন্ট বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করা হবে কিন্তু প্রেসিডেন্ট সেটা করেন নাই, এটা করা হয়েছে আইনের মাধ্যমে। যাদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে সকলেই আওয়ামী লীগের সমর্থক। তারা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তাদের দিয়ে আজ সার্চ কমিটি। কী সার্চ কমিটি! মাশাল্লাহ।

আরও বলেন, এই সরকার থাকলে সার্চ কমিটি তাদের হবে। এই সার্চ কমিটিকে শেখ হাসিনা বা সরকার যাদের নাম দেবে তারাই নির্বাচন কমিশনার হবে। এটাতে অংশগ্রহণ করা এটা নিয়ে মাথা ঘামানো আমরা মনে করি অর্থহীন। এটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার সরকারের আরেকটি নাটক। এটা সরকারের চুরির, ডাকাতির নির্বাচন করার জন্য।

জাতীয় ঐক্য সৃষ্টি করার চেষ্টা করছি জানিয়ে ড. খন্দকার মোশাররফ বলেন, সামনে ডাক আসছে। যার যার অবস্থান থেকে যুগপৎভাবে একই ইস্যুতে আমরা আন্দোলন করবো। সকলে একত্রিত হয়ে এই সরকারকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিতে বাধ্য করবো। ইনশাআল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাড. আব্দুর রকিব, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, ডিএলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপির যুগ্মমহাসচিব এম এ বাসায়, আমেরিকা ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী শওকত হোসেন আজম, এনপিপি'র প্রেসেডিয়াম সদস্য নবী চৌধুরী, যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।