দেশে প্রথমবারের মতো জীবিত উদ্ধার হলো ‘রেড কোরাল কুকরি’ নামের বিরল প্রজাতির একটি সাপ। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
শুক্রবার সাপটিকে উপজেলার ভুল্লী বড় বালিয়া এলাকা উদ্ধার করে বন্যপ্রাণী আইনে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
জেলার বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা বৃহস্পতিবার রাতে সাপটিকে দেখতে পায়। তাদের কাছ থেকে খবর পেয়ে পরদিন সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, গত এক বছরে দেশে মাত্র পাঁচবার এ প্রজাতির সাপের দেখা মিলেছে। পাঁচ বারেই দেখা মিলেছে পঞ্চগড়ে। কিন্তু সেগুলো ছিল মৃত। সে হিসেবে দেশে এই প্রথমবারের মতো বিরল প্রজাতির এই সাপটি জীবিত উদ্ধার করা হলো।
উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের রেড কোরাল কুকরি সাপের এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরেনসিস (Oligodon Kheriennsis)। ১৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চলে এই সাপ প্রথম দেখা যায়। সাপটি মৃদু বিষধারী ও অত্যন্ত নিরীহ।
পৃথিবীর দুর্লভ সাপের মধ্যে একটি। হিমালয়ের পাদদেশের দক্ষিণে ৫৫ আর পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকায় এটি দেখা যায়। সাপটি নিশাচর এবং বেশির ভাগ সময় মাটির নিচে থাকে।