লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার অ্যানফিল্ডে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। জোড়া গোল করেন দিয়েগো জোতা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমেছে অলরেডদের। ২৩ ম্যাচে ৫১ পয়েন্টে দুইয়ে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্টে শীর্ষে ম্যানসিটি।

লিগে লেস্টারের বিপক্ষে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল ইয়ুর্গেন ক্লপের দল। ৩৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে ফন ডাইকের নেওয়া হেড লেস্টার গোলরক্ষক স্মাইকেল ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। বল জালে পাঠান জোতা। ৬০ মিনিটে ফিরমিনোকে তুলে মোহামেদ সালাহকে নামান লিভারপুল কোচ। ৭৮ মিনিটে সালাহর বাঁকানো শট ক্রসবারে লাগে। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন জোতা। আরেক ম্যাচে আর্সেনাল ১-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে। ২২ ম্যাচে ৩৯ পয়েন্টে পাঁচে আর্সেনাল।