গতকাল দেশের বড় বড় ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। পরিচালক জানান, সিনেপ্লেক্সের সবগুলো শাখাসহ মধুমিতা, শ্যামলীর মতো জনপ্রিয় সিনেমা হলে চলছে ছবিটি। এতে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধেন জনপ্রিয় দুই চিত্রতারকা বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। এ ছাড়া ছবির নাম রিয়াজ-শাবনূর অভিনীত সুপার ডুপার হিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ থেকে এসেছে। তাই শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়। কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয়। বহুল প্রতীক্ষিত ছবিটি অবশেষে হলে আসায় দর্শক সাদরে গ্রহণ করেছেন। গতকাল ছবির টিম একাধিক প্রেক্ষাগৃহ ঘুরেছে। এরপর দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রথম দিন শেষ! হল রিপোর্ট কিন্তু খুব ভালো। মানুষ মজা পাচ্ছে। সময় যত গড়িয়েছে, সিনেমা হলগুলোয় দর্শক আনন্দ ততই বেড়েছে।’
চিত্রনায়ক বাপ্পীকে সাধারণত জনসমাগমে দেখা যায় না। তিনি শোবিজের অনুষ্ঠানেও খুব একটা অংশ নেন না। শুধু সিনেমা আর বড়পর্দা নিয়েই তার চিন্তাভাবনা। তাই প্রিয় নায়ককে কাছে পেয়ে ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা দেখা যায়। তাকে ঘিরে ভক্তের উচ্ছ্বাসের ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘আমি মধুমিতা, সনি সিনেপ্লেক্সসহ কয়েকটি সিনেমা হল ঘুরেছি। সব জায়গায় দর্শকের উপস্থিতি আশাব্যাঞ্জক। তাদের উৎসাহ আমাকে ছবিটি নিয়ে আরও আশাবাদী করেছে। অনেক দিন পর বড়পর্দায় ফিরেছি। দর্শকের ভালোবাসা আগের চেয়ে বরং বেড়েছে। আমি তাদের ভালোবাসার কাছে ঋণী।’
একটি দারুণ ঘটনা শেয়ার করলেন বাপ্পী, সবাই তো শুরু থেকেই অনেক এক্সাইটেড ছিল ছবিটি নিয়ে। তবে এবার দেখেছি অনেকেরই মন খারাপ তাদের এলাকায় এটি মুক্তি পাচ্ছে না বলে। আমার এক ভক্ত পূজা দিয়েছে। একজন ভক্ত নোয়াখালী থেকে ঢাকা এসেছে, একজন সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছে ছবি দেখতে। এগুলোই তো প্রাপ্তি। তিনি আরও বলেন,শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ হলো বিনোদনমূলক ছবি। প্রতিটি দৃশ্যেই কমেডি ভরপুর। সঙ্গে রয়েছে রোমান্স, নাচ-গান আর মারপিট। মোটকথা, দর্শক যে ছবি দেখে মনের আনন্দে সিটি বাজিয়ে ওঠে, এটি তেমনি ছবি। করোনার এ সময় এ ধরনের ছবি আরও বেশি দরকার। এতে দর্শক হলমুখী হবে। এ ছবির মাধ্যমে কিছু দর্শকও যদি হলে ফেরে সেটাই হবে আমাদের সার্থকতা। এভাবেই সিনেমার চাকা সচল করতে আমরা অবদান রাখতে চাই।’
ছবির নায়িকা অপু বিশ্বাসও খুব খুশি। তিনি বলেন, ‘আমি কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিই না। কারণ, চ্যালেঞ্জ নিলে সেই কাজে জয়-পরাজয়ের ব্যাপার চলে আসে। আমি কাজটার মাধ্যমে সব সময় সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করি। এবারের ভালোবাসা দিবস ও ফাল্গুন আমার জন্য খুব স্পেশাল। কারণ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ হলে চলছে। অনেক দিন পর আমার কোনো সিনেমা হলে মুক্তি পেল। এটি পরিপূর্ণ ‘বাংলা ছবি’ ছবি। দর্শক হলে গেলে অবশ্যই উপভোগ করবেন।’
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ কি রিয়াজ-শাবনূর জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সাফল্যকে টপকাতে পারবে? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘তারা বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় জুটি। তাদের টপকানোর সাহস আমাদের নেই। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ যিনি বানিয়েছিলেন তারই বানানো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। তবে এটি সিক্যুয়েল নয়। পর্দায় যখন দর্শক দেখবেন তখন পার্থক্যটা বুঝবেন।’
অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বাপ্পী বলেন, ‘তিনি খুব ভালো একজন অভিনেত্রী। কাজের ব্যাপারে অনেক সচেতন। এ ছাড়া সহশিল্পী হিসেবেও অনেক আন্তরিক। তার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি বন্ধুর মতো করে সহশিল্পীর সঙ্গে কাজ করেন। সব মিলিয়ে শ্যুটিংয়ের সময়টা দারুণ ছিল।’
সিনেমাটি দেশে গতকাল মুক্তি পেলেও নিউ ইয়র্কের বোম্বে থিয়েটারে এর প্রিমিয়ার হবে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সিনেমাটির প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। এটি অভিনেতা সাদেক বাচ্চুর শেষ ছবি। পরিচালক দেবাশীষ বিশ^াস বলেছেন, এই ছবির নায়ক সাদেক বাচ্চুই। তাকে ছবিটি উৎসর্গ করা হয়েছে।