বড়পর্দায় লোপেজ-মালুমার ‘ম্যারি মি’

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডিরেক্টরস গিল্ড অব আমেরিকায় ছিল ‘ম্যারি মি’ ছবির প্রদর্শনী। ৫২ বছর বয়সী বিশ^খ্যাত পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজকে সেখানে দেখে চমকে ওঠেন উপস্থিত অতিথিরা। লোপেজ পরেছিলেন বড় কলারের লেইস বেবিডল সাদা ফুলহাতা পোশাক। সেটার কবজির কাছে আবার ঘন নকশা। কেবল পোশাকই নয়, আঙুলের আংটি, কানের দুল ও দৃষ্টিনন্দন পার্স। বাহুডোরে প্রেমিক হলিউডের বিখ্যাত অভিনেতা বেন অ্যাফ্লেক। দেখে মনে হচ্ছিল আজ লোপেজ-অ্যাফ্লেকের বিয়ে। ‘ম্যারি মি’ ক্যাট ভ্যালডেজ নামের এক পপ সুপারস্টারের গল্প। সেই প্রধান চরিত্রেই অভিনয় করেছেন জেনিফার লোপেজ। দীর্ঘদিনের প্রেমিককে একটি লাইভ অনুষ্ঠানে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি। প্রেমিকের চরিত্রে আছেন আরেক বিখ্যাত সংগীতশিল্পী মালুমা। শেষ মুহূর্তে অনলাইনে ভাইরাল হয়ে যায় তার প্রেমিকের আরেকটি সম্পর্কের ঘটনা। অভিমান করে ওই অনুষ্ঠানে আসা শ্রোতাদের একজনকে লটারির মাধ্যমে বেছে বিয়ে করে ফেলেন তিনি। গতকাল বড়পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। ২০০২ সালে ‘গিগলি’ ছবির সেটে পরিচয় এবং প্রেম লোপেজ ও বেন অ্যাফ্লিকের। ২০০৪ সালে সেই প্রেম যায় ভেঙে। বহুকাল পর আবারও সেটা জোড়া লাগে। ২০২১ সাল থেকে তাদের একত্রে দেখতে পান অনেকে। মঙ্গলবারের অনুষ্ঠানে দুজনকে একত্রে দেখা গেলেও এর আগে তাদের চুপিসারে অভিসারের ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সম্প্রতি প্রেম নিয়ে আর লুকোচুরি করছেন না জেনিফার লোপেজ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী, সুখী ও গর্বিত যে আবারও আমি তাকে পেয়েছি। প্রেমের কাহিনীও এত চমৎকার হতে পারে!’