ডাকাতিয়া নদীতে তরুণীর লাশ

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বালিথুবা ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পাইকদী খেয়াঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুরের পর মরদেহটি ভাসতে ভাসতে নদীর তীরে এলে আশপাশের লোকজনের নজরে পড়ে। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসাইন, চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম। পরে মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানায় নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, মরদেহের বয়স আনুমানিক ১৮ বছর হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।