যুক্তরাষ্ট্র বলছে, যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালাতে পারে। এমন আশঙ্কার মধ্যে নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে পাঁচটি দেশ।
বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস নাগরিকদের ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেন, ‘ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। যদিও আমরা ভবিষ্যৎ নিয়ে কিছুই বলতে পারবো না, তবে এটা বলতে পারি, বর্তমানে সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেকটাই বেড়েছে।’
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ৯ ঘণ্টা ধরে চলা সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ার জেরে তিনি এ ঘোষণা দেন।
এদিকে শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশনা দেয়। একই ঘোষণা দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডস সরকার। লাটভিয়া সরকারও ইউক্রেনে অবস্থান করা তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। যেকোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে। তবে রাশিয়া বারবারই পশ্চিমাদের তোলা এ অভিযোগ অস্বীকার করছে। বলছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, ইউক্রেনের কাছে বেশ কয়েকটি এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া। ওই এলাকায় সম্প্রতি স্যাটেলাইটে ধারণকৃত কিছু ছবি প্রকাশ করে এমন দাবি করা হয়েছে।