সাগর-রুনী হত্যার বিচারটি শেষ করা উচিত: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ‘সাগর-রুনী হত্যাকাণ্ডের ব্যাপারটি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা দুঃখিত। এই বিচারটি শেষ করা উচিত। এ মামলার চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া শেষ করবে এই আশা আমি ব্যক্ত করছি। আমাদের এটি একটি ব্যর্থতা। আমাদের উচিত হবে আইন বিভাগ, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের যারা দায়িত্বে রয়েছে, তাদেরও দায়িত্ব হবে দ্রুত বিচারটি শেষ করা।’

শুক্রবার রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে সেই আগের মতোই বলছে। তারা নির্বাচন করবে না, সুষ্ঠু নির্বাচন হবে না, নানা রকম তিরস্কারমূলক এবং কটু মন্তব্য করছেন। তাদের একই কথা বারবার ঘুরিয়ে বলছে। তাদের মূল কথাটি হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। আমিও তাদের বলতে চাই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আর কোনো নির্বাচন হবে না।

নির্বাচন কমিশনের বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। এটা সরকারের কোনো দায়িত্ব নয়। নির্বাচন কালীন সময়ে যে সরকার থাকবে, তাদের তেমন কোনো ক্ষমতা থাকবে না। তবে ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের।

নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য সংবিধানে তাদের অনেক ক্ষমতা দেয়া হয়েছে। তাদেরকে বাজেট আলাদা করে দেয়া হয়েছে। তারা কোনোক্রমেই সরকারের ওপর নির্ভরশীল নয়। নির্বাচন কমিশন আগামীতেও সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে।

প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এম.পি, সহসভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।