করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রয়েছে। তবে সংক্রমণের হার কমতে থাকলে সময়সীমা হয়তো আর বাড়াতে হবে না—এমন আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, আমাদের জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আগামীকাল একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটি হয়তো আরও দু-তিন দিন পরে হবে এবং সেই বৈঠকে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করবো। তবে আমরা সবাই দেখতে পাচ্ছি, সংক্রমণের হার কমছে। সেটি আমাদের জন্য অত্যন্ত সুখবর। আমরা আশা করি, এই কমে যাওয়ার হার অব্যাহত থাকবে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মানবো, সংক্রমণের হার কমে যাবে এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে আর ব্যাহত না হয় সে জন্য যে ছুটি এখন চলছে—শ্রেণিকক্ষে পাঠদান আপাতত বন্ধ আছে, সেটির সময়সীমা আশা করি আর বাড়াতে হবে না।
তিনি আরও বলেন, সবই নির্ভর করবে অতিমারির অবস্থার ওপরে এবং বিশেষজ্ঞদের পরামর্শের ওপর ভিত্তি করে আমরা সব সময় বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেব।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। যদিও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না। কিন্তু সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়েছে। যা শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে ছুটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।