বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অসাংবিধানিক ও অবৈধ পন্থায় প্রতিষ্ঠিত বিএনপির রাজনীতিই মিথ্যার ওপর ভিত্তি করে। তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল না।

তিনি বলেন, তারা (বিএনপি) সবসময়ই অবৈধ পন্থা বা অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখলের চিন্তা করে।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করতে রাষ্ট্রপতি আহুত সংলাপের বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যের জবাবে হানিফ এসব কথা বলেন।

শনিবার দুপুরে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া থেকে বহলবাড়িয়া পর্যন্ত সৃষ্ট পদ্মা নদীর ভয়াল ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছুদিন আগে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি যখন সার্চ কমিটি গঠন করার জন্য সংলাপের আহ্বান জানালেন, তখন তারা বললো নির্বাচন কমিশন আইন চাই, সরকার চাইলে একদিনের মধ্যে আইন তৈরি করা যায়।’

হানিফ বলেন, ‘এবার যখন আইনমন্ত্রী আইন তৈরির উদ্যোগ নিলেন, তখন আবার তারা বলছেন আইনটা তড়িঘড়ি করে করা হয়েছে।’

তিনি বলেন, ‘এভাবে একের পর এক নানা সময় নানা টালবাহানা করে মিথ্যাচার করাই দলটির মূল কাজ। সেজন্য বিএনপির এসব ভিত্তিহীন কথাবার্তা নিয়ে দেশের মানুষ আর ভাবে না।’

এ সময় ভাঙন কবলিত এলাকার জনগণের উদ্দেশে স্থানীয় এই সংসদ সদস্য বলেন, এখন এই শুষ্ক মৌসুমে পদ্মা নদীর এই ভাঙনের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দ্রুত সংশ্লিষ্ট পানিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সেই লক্ষ্যে আপাতত অস্থায়ী ভিত্তিতে ভাঙন ঠেকাতে আজ এখানে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

তিনি বলেন, এই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করছে। আগামী একনেক সভায় তা অনুমোদিত হলেই পদ্মা নদীর পাড় ভাঙা রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।’

এ সসময় সেখানে কুমারখালী-খোকসার (কুষ্টিয়া-৪) সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, বাপাউবো’র পশ্চিমাঞ্চল ফরিদপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, বাপাউবো কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।