বিপিএল ২০২২-এ সেঞ্চুরি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফ্যাফ ডু প্লেসি। খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৪ বলে ১০১ রানের ইনিংস খেললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটার।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় কুমিল্লা।
প্লে-অফ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় লিগ পর্বের শেষ ম্যাচটিতে অধিনায়ক ইমরুল কায়েস ও পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয় দলটি। ইমরুলের জায়গায় মুমিনুল ও মোস্তাফিজের জায়গায় শহিদুল ইসলাম দলে এসেছেন। ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ফ্যাফ ডু প্লেসি।
নেতৃত্ব পেয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন ডু প্লেসি। ৫২ বলে শতক পূরণ করেন। ফেরার আগে ৫৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০১ রান করেন এই প্রাটিয়ার। কুমিল্লা ৫ উইকেটে ১৮২ রানের পুঁজি পায়।
চলতি আসরে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন ডু প্লেসি। প্রথম সেঞ্চুরিটি উপহার দেন সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স। দ্বিতীয় সেঞ্চুরি আসে মিনিস্টার গ্রুপ ঢাকার ব্যাটার তামিম ইকবালের ব্যাট থেকে।
প্লে-অফ খেলতে হলে এই ম্যাচে জিততেই হবে খুলনাকে। তারা হেরে গেলে ছাড়পত্র পাবে ঢাকা।
কুমিল্লা ছাড়াও প্লে-অফ নিশ্চিত হয়েছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।